নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা গোলাম হাসনায়েন রাসেল ও বশির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। 

আর বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। 

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশিদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার (২০ জুলাই) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২১ জুলাই) তাদের ভাঙ্গুড়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। পর দিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মী এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিলেন।