বর্তমানে জনগণের জীবনে নতুন এক ভোগান্তির নাম ‘ভাংতি টাকা না থাকা’। পকেটে বড় নোট নিয়ে বের হলে দেখা যায়-দোকানদার, রিকশাওয়ালা কারও কাছেই ভাংতি টাকা নেই। প্রশ্ন আসে, হঠাৎ কী এমন হলো যে, দেশে খুচরা টাকার এত সংকট! কারণ খতিয়ে দেখলে প্রথমেই উঠে আসে বাজারে ছোট মূল্যের নোট ও কয়েনের ঘাটতি। এই ঘাটতির কারণ খুচরা কয়েনগুলোর অবমূল্যায়ন। বর্তমান বাজারে ছোট মূল্যের কয়েন ও টাকা যেমন: ১ ও ২ টাকার কয়েন এবং ২ টাকার নোটগুলোকে একেবারেই মূল্যায়ন করে না মানুষ। সবাই বড় নোট ব্যবহারের কারণে প্রয়োজনের সময় কেউ ভাংতি টাকা পাচ্ছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসায়ীদেরও খুচরা টাকার ব্যবহার বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে। ভাংতির পরিবর্তে ক্রেতাকে দিয়ে জোর করে পণ্য কেনাকাটা করানোর প্রবণতা কমাতে হবে। জনগণকে ছোট নোট ও কয়েন ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সঠিক পরিকল্পনা ও সচেতনতা বাড়লে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

আশা মনি, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা