ভারতের রাজস্থানে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষ হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। বাসটি প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়। এ ঘটনায় ৭ জন নিহত এবং আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটির অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে।








