ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ময়দানে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতার দাবিতে চলমান আন্দোলন নতুন গতি পেয়েছে। অনলাইনভিত্তিক তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির ডাকে শুরু হওয়া এ আন্দোলনে সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এর জেরে আন্দোলন ঘিরে ভারতজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন। তীব্র গরম উপেক্ষা করেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। তাদের একাংশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলছেন। অনশনরত সোনম ওয়াংচুক বলেন, ‘তিন দিন ধরে কোনো খাবার গ্রহণ না করায় আমার রক্তে চিনির মাত্রা নেমে ৬৬-তে পৌঁছেছে।’ তিনি বলেন, ‘অভুক্ত থাকলে শরীর চর্বি শোষণ করতে শুরু করে। আর দীর্ঘ সময় ধরে যদি অনাহার চলতে থাকে, তাহলে এটা আমাদের পেশি ও অঙ্গপ্রতঙ্গকে অচল করে দিতে পারে। ফলে মৃত্যু হতে পারে। আমি এখন এটার সন্নিকটেই আছি।’ বর্তমানে ককরোচ জনতা পার্টি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন পাচ্ছে। যন্তর মন্তরে আন্দোলনস্থলে প্রতিদিনই শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক কর্মী ও সাধারণ মানুষ এসে সংহতি প্রকাশ করছেন।