২৪ ঘণ্টাও হয়নি ভারতকে হারিয়ে রেকর্ড করেছে। পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিচ মালান। গত রোববার টিম ইন্ডিয়াকে ১ রানে হারিয়ে ইতিহাসে নাম তুলেছে আইরিশরা। যে কোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম জয়। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৪ রানে জেতে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে হার শ্রেয়স আইয়ারদের। ২০ ওভারে ৮ উইকেট ১৫৪ রান করে আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে মাত্র ১ রান দূরে থামে ভারত। প্রিন্স যাদব শেষ বলে ছয় মারলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি।একটি বিবৃতিতে মালান বলেন, ‘এই প্লেয়ারদের সঙ্গে কাজ খুবই উপভোগ করেছি। স্টাফ এবং ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে কাটানো সময় মূল্যবান অভিজ্ঞতা। আমি এবং আমার পরিবার খুব ভালো সময় কাটিয়েছি। আমরা মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। আবুধাবিতে আফগানিস্তানকে টেস্টে হারিয়েছি। বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাঠে প্রথম টেস্ট জিতেছি। ঘরের মাঠে টি-২০ সিরিজে ভারতকে হারিয়েছি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করেছি। এই স্মৃতিগুলো থেকে যাবে।’








