গোমাংস রান্না করার সন্দেহে তিন মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সরাই আকিল থানার অন্তর্গত পানারা গোপালপুর গ্রাম থেকে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা জানতে পারে একটি বাড়িতে গোমাংস আনা হয়েছে এবং রান্না করা হচ্ছে। সেই খবর পাওয়া মাত্রই তাঁদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এদিকে, পুলিশ আসার খবর জানতে পেরেই বাড়ির পুরুষ সদস্যরা সেখান থেকে পালিয়ে যান। তবে বাড়িতে ছিলেন মহিলা সদস্যরা। তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় এক কিলোগ্রাম কাঁচা মাংস উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাংস কিসের তা নিশ্চিত করতে নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। কৌশাম্বী জেলার পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ গো-হত্যা প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মহিলাদের নাম শামা পারভীন, শাইস্তা ও ফাতিমা। তাঁদের আদালতে হাজির করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এবিষয়ে ডেপুটি পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ‘আমরা তিন মহিলাকে গ্রেপ্তার করেছি।

জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা বাইরে থেকে মাংস এনেছিলেন। তিনি আরও বলেন যে, কোথা থেকে মাংস আনা হয়েছে তা জানতে এবং পলাতক অভিযুক্তদের শনাক্ত করতে আরও তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, পরিবারের যে পুরুষ সদস্যরা মাংস এনেছিল তাঁদের গ্রেপ্তারের জন্য দল গঠন করা হয়েছে। পুলিশ দাবি করেছে, জিজ্ঞাসাবাদে মহিলারা স্বীকার করেছেন যে বাড়িতে মাংস রান্না করা হয়েছিল এবং তা পুরুষ সদস্যরা নিয়ে এসেছিলেন।
সূত্র: পুবের কলম

The post ভারতের উত্তরপ্রদেশে গোমাংস রান্নার সন্দেহে আটক ৩ মহিলা appeared first on ZoomBangla.