দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার (২৯ জুন) সকাল থেকেই নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত কেন্দ্রটির সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত শত মানুষকে।সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক ভিসাপ্রার্থী লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেওয়ার অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকেই জানান, সিরিয়াল নিশ্চিত করতে তারা সকাল সাতটার আগেই কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। ভোরে ভিড় আরও বেশি ছিল বলে জানান আবেদনকারীরা।আবেদনকারীদের বেশির ভাগই চিকিৎসা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ধর্মীয় ভ্রমণ ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক। দীর্ঘদিন পর্যটন ভিসা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হওয়ায় একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ আবেদন করতে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ভিসাপ্রার্থীরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও আবেদন গ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুশৃঙ্খলভাবে চলছে। কেন্দ্রের সামনে বাড়তি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের পাঁচটি কেন্দ্রে—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে এই আবেদন জমা নেওয়া হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত সময়ে কেন্দ্রে আসতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সঠিক থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দীর্ঘদিন পর্যটন ভিসা বন্ধ থাকায় আগামী কয়েক দিনও রাজশাহী কেন্দ্রে আবেদনকারীদের এই চাপ অব্যাহত থাকতে পারে।
রাজনীতি
ভারতীয় ভিসা পেতে রাজশাহীতে দীর্ঘ লাইন

শেয়ার করুন







