টানা ভারী বর্ষণ, পাহাড় ধস এবং আকস্মিক বন্যার আশঙ্কায় জননিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত তৃতীয় জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে গত ৮ জুলাই জারি করা জরুরি নির্দেশনার ধারাবাহিকতায় আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের ট্যুর অপারেটরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

এ ছাড়া সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া এসব ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতাও কামনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার পর্যন্ত বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর ছিল। বর্তমান সিদ্ধান্তের ফলে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও তিন দিন বৃদ্ধি পেল।

The post ভারী বৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকি: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আরও তিন দিন বন্ধ appeared first on ZoomBangla.