ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঐতিহাসিক এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে খেলোয়াড়দের আত্মত্যাগ, লড়াই এবং দেশের মানুষের প্রতি তাদের নিবেদন নিয়ে আবেগঘন মন্তব্য করেন বিশ্বকাপজয়ী এই কোচ।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর মাঠেই সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আবেগাপ্লুত স্কালোনি বলেন, ‘আমি ভাষাহীন। আমাদের দেশ ও মানুষের জন্য এটা দারুণ এক আনন্দের মুহূর্ত। সেদিনও বলেছিলাম, এই দল আমাকে কখনোই বিস্মিত করা বন্ধ করে না।’

আগামী রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।

ফাইনাল নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা অবশ্যই জয়ের চেষ্টা করব এবং সর্বস্ব দিয়ে লড়ব। কিন্তু এই ম্যাচের পর মানুষকে বোঝানো খুব কঠিন, খেলোয়াড়রা আসলে কী অসাধারণ মানসিকতা দেখিয়েছে। আমরা অনন্য, এটা অহংকার নয়। এই খেলোয়াড়রাই আমাদের জয় এনে দিয়েছে।’

নিজের খেলোয়াড়দের আত্মনিবেদন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘এই জার্সির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু উজাড় করে দেওয়াই উচিত, কিছুই বাকি রাখা উচিত নয়। আর আমার খেলোয়াড়রা আবারও দেখিয়েছে, তারা এই জার্সিকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা দেশের মানুষ ভালোবাসে।’

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর এবার আরেকটি বিশ্বকাপ শিরোপার খুব কাছাকাছি দাঁড়িয়ে স্কালোনির আর্জেন্টিনা। আর সেমিফাইনালের জয়ের পর তার আবেগঘন বার্তা যেন আরও একবার প্রমাণ করল- এই দলের শক্তির সবচেয়ে বড় জায়গা তাদের ঐক্য, আত্মবিশ্বাস এবং দেশের জন্য লড়াই করার অদম্য মানসিকতা।

আরআর/আইএইচএস/