রাজধানীর ভাটারায় ওয়্যারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বারী (২৫) নামের এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ভাটারা থানাধীন কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় আব্দুল বারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল রাসেল জানান, বিকেলে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রিলের ওয়্যারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল বারী। উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন
‘তার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তিনি আরও জানান, নিহত আব্দুল বারী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন। বর্তমানে কোকাকোলা ঢালিবাড়ি এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে








