বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তিনটি মোবাইল ও নগদ ৭১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া-মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ মামলার আসামি মাদক কারবারি মনির শেখকে আটক করা হয়। পরে তার সংরক্ষণে থাকা ৪০১৫ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। মনির শেখের দেওয়া তথ্য অনুযায়ী, আরো তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আটককৃতরা হলেন- ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কাওসার মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্লা, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শেখ ফেরদৌসের ছেলে তৌহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত নেয়ামত হাওলাদালের ছেলে সবুজ মিয়া।








