দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান।

থানা সূত্রে জানা যায়, মাদককাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

গাঁজা জব্দের পর বিক্রির অভিযোগ, ওসি প্রত্যাহার

এর আগে বুধবার (১ জুলাই) দিনগত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। তার আগে, এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীকেও প্রত্যাহার করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আগে ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তিন মাদক কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়।

আরও পড়ুন

গাঁজা উদ্ধারের পর বিক্রি / প্রত্যাহারের ১৬ ঘণ্টা পরও পুলিশ লাইনসে যুক্ত হননি ওসি

ওইদিন নাইট ডিউটিতে ছিলেন থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান। অভিযোগ রয়েছে, ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

দাউদকান্দি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার এসআই ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে। থানা থেকে তাদের সিসি দেওয়া হয়েছে। দুপুরের পর তারা চলে গেছেন।’

এসআর/জেআইএম