নারায়ণগঞ্জের বন্দরে দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা দুটি শটগান ডাকাত দল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষে মো. মনির হোসেন বাদী হয়ে দুপুরে বন্দর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী হরিপুর ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভেতর শীতলক্ষ্যা নদীর ঘাটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় ৫-৬ জনের ডাকাত দল তাদের ঘিরে ফেলেন। দলের একজন নৌকায় অবস্থান করলেও বাকিরা রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যকে জিম্মি করে ফেলেন। একপর্যায়ে ডাকাতরা আনসার সদস্য সৈকত মিয়ার এবং মো. মনিরুজ্জামান মুন্সীর ব্যবহৃত দুটি শটগান ছিনিয়ে নেন। পরে তারা ইঞ্জিনচালিত নৌকায় পালিয়ে যান।
এ বিষয়ে বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, “অস্ত্র লুটের ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”








