প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে খুব গোপনে শুল্কমুক্ত আমের চালানটি ভারতে পাঠানো হয়।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।
গত বছরের মতো এবারও আম পাঠানোর বিষয়টি গোপন করা হয়। কাস্টমস ও বন্দরের কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খোলেননি। তবে চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা বলেন, ‘আম পাঠানো সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা আছে, আমগুলো মুখ্যমন্ত্রীসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবীসহ গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠাবেন উপ হাইকমিশনার।’
মো. জামাল হোসেন/এসআর/জেআইএম








