রাজধানীর ভাটারায় একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাকিব, ওয়াসিদ ও জিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওয়াসিদ ও সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন। অন্যদিকে, জিল এইচএসসি পরীক্ষার্থী। কিছুদিন আগে ওয়াসিদের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। ওয়াসিদ ও সাকিব পরস্পরের বন্ধু। শুক্রবার তিনি ওয়াসিদের সঙ্গে সকাল ৯ টায় বাসাটিতে যান।
বাসার বারান্দা থেকে চিৎকার শুরু করলে ভবনের নিচে থাকা লোকজন বিষয়টি টের পান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
তবে এ ঘটনার প্রকৃত কারণ, ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগ এবং মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের আগে জিল জানান, শুক্রবার সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই ভবনের পঞ্চম তলার একটি বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও তিনি ছাড়া আর কেউ ছিলেন না।
জিলের অভিযোগ, পরে ওয়াসিদ তার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা দেন। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন।
বাড়ির দারোয়ানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার বারান্দা থেকে চিৎকার শুনে তারা বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ জানান, বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
টিটি/এমআইএইচএস








