জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছেন যেন বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে সাতার কেটে পরীক্ষাকেন্দ্রে যেতে না হয়। তারা নেমেছেন যেন বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের ‘গিনিপিগ’ না হতে হয়। এটি একটি যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন।
শুক্রবার (১৭ জুলাই) রাতে ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, তারা সরকার পতনের আন্দোলন করতে যায়নি। অথচ কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে এই আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার, হয়রানি ও ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।
তিনি আরও লেখেন, সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং হয়রানি অবিলম্বে বন্ধ করুন। শক্তি প্রয়োগ নয়, সংলাপই হোক সমাধানের পথ। শিক্ষার্থীদের সঙ্গে বসুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করুন।
তিনি লেখেন, মনে রাখতে হবে, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের নানা রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।
তিনি আরও লেখেন, সরকারের প্রতি শুভবুদ্ধির আহ্বান জানাচ্ছি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। অন্যথায় একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পরামর্শ দিলেই যেন আবার কাউকে ‘উসকানিদাতা’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্রকারী’ বলে দাগিয়ে দেওয়া না হয়। গণতন্ত্রে নাগরিকের পরামর্শ অপরাধ নয়; বরং সেটিই একটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার সহায়ক।
এনএস/এমআইএইচএস








