পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত একটি গার্ডার সেতু প্রায় তিন বছর আগে আংশিক ভেঙে পড়ে। এতে জিয়ানগর ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সরকারি উদ্যোগে সেতুটি সংস্কার বা পুনর্র্নির্মাণ না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। জানা যায়, ২০০১ সালে নির্মিত ৯৫ ফুট দীর্ঘ সেতুটি ঘূর্ণিঝড় সিডরের পর ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় উদ্যোগে সংস্কার করে চলাচল সচল রাখা হয়েছিল। তবে সরকারি সংস্কারের অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং প্রায় তিন বছর আগে এর এক-তৃতীয়াংশ খালের মধ্যে ধসে যায়। পরে এলাকাবাসী চাঁদা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করলেও বর্তমানে শুধু পথচারীরা ঝুঁকি নিয়ে পারাপার হতে পারছেন। কোনো ধরনের যানবাহন বা কৃষিপণ্য পরিবহণ সম্ভব হচ্ছে না। এই সেতুর মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া, হোগলাবুনিয়া, বাড়ৈইখালী ও খেজুরতলাসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহণ হতো। স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজার হাজার ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেল এ পথ ব্যবহার করত। সেতুটি ভেঙে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। পথচারী মিজান সিকদার বলেন, সেতু ভেঙে যাওয়ায় স্কুলগামী শিশুদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। বাজার কমিটির সাবেক সভাপতি মাকিত শিকদার বলেন, জনগুরুত্বপূর্ণ এ সেতুটি দ্রুত পুনর্নিমাণ করা জরুরি। জিয়ানগর ইউপি চেয়ারম্যান ইমন তালুকদার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. এমরান আহম্মদ খান বলেন, এডিপি ও পিআইও প্রকল্প থেকে কিছু অর্থ বরাদ্দ পাওয়া গেছে। পাশাপাশি সেতুটি নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।