এবারের বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল! ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই এমন ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট।

তিনি বলেছিলেন, শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা। তার ভবিষ্যদ্বাণী মাঠেই ভুল প্রমাণ করে দিলো ব্রাজিল।

জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেছিলেন। কারণ, এর আগে তিন বিশ্বকাপে নিজের মডেল দিয়ে সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন তিনি।

এবার মাঠেই ক্লেমেন্টকে ভুল প্রমাণ করে দিলো ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নাম লিখিয়েছে কার্লো আনচেলত্তির দল।

এই বিষয়ে অবশ্য অনেকটাই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল অত্যাধুনিক প্রযুক্তির সুপার কম্পিউটার। ফুটবলের ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার গণনা জানিয়েছিল, ৯০ মিনিটের মাঝেই জাপানকে টপকে ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিনে যাবে এই সম্ভাবনা ৫৭ দশমিক ৭ শতাংশ। আর ব্রাজিলকে জাপান হারাতে পারে সেই সম্ভাবনা মোটে ১৯ দশমিক ৩ শতাংশ।

এমএমআর