২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে তিনি মাঠেই খেলোয়াড়দের একত্র করেন, তাদের সামনে এবং জাপানের সমর্থকদের উদ্দেশে মাথা নত করে ক্ষমা চান।

তিনি বলেন, ‘আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি—এ জন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন কোচ হিসেবে এর দায়িত্ব আমার, আর আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

মোরিয়াসু আরও বলেন, ‘হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নয়, জাপানে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা গভীর রাতে টেলিভিশন বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সমর্থন করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশে কিছু কথা বলেন। বক্তব্য শেষে তিনি মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল—এটা সত্যিই ভীষণ হতাশার। তবে খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা কঠোর পরিশ্রম করেছে এবং পুরো প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে। কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফও অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমরা আমাদের সামর্থ্যের সবকিছুই করেছি। যদিও এখন আমরা খুবই হতাশ, তবুও এই ফল মেনে নিয়ে এটিকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই।’

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোল করে জাপান। মাঝমাঠে দানিলোর ভুল পাস কেড়ে নিয়ে কাইশু সানো একক প্রচেষ্টায় বক্সের প্রান্ত থেকে ক্রস শটে আলিসনকে পরাস্ত করেন।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গ্যাব্রিয়েল মাগালায়েস নিখুঁত ক্রস দেন, আর সেটি হেডে জালে পাঠিয়ে সমতা ফেরান কাসেমিরো।

এরপর যোগ করা সময়ের শেষ মুহূর্তে রায়ান আক্রমণভাগে বল কেড়ে নিয়ে ব্রুনো গিমারায়েসকে পাস দেন। ব্রুনো নিখুঁত পাসে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে খুঁজে নেন, আর তিনি সহজ ফিনিশে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

এই বিশ্বকাপে জাপান তাদের অভিযান শেষ করেছে একটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে। ইতিহাসে এখনও পর্যন্ত বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি জাপান।

অন্যদিকে ব্রাজিল এখন শেষ ষোলোর প্রতিপক্ষ জানার অপেক্ষায়। তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

আরআর/এমএমআর