শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করা এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ রোববার শুরু হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : রাজশাহীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের আওতাধীন ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পরিবহণ বিভাগের মহাপরিচালক রাজীব উল আহসান, প্রধান ভান্ডার কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন। নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সুজিৎ দেবনাথ, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। লক্ষ্মীপুরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম। সূত্র জানায়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেরপুর জেলা সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিলে সার্জন ডা. মো. শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা। জয়পুরহাটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় সিভিল সার্জন ডা. আল মামুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল উপস্থিত ছিলেন। জেলায় এবার মোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি। জেলায় এবার ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বরিশাল জেলায় মোট ৫ লাখ ৭২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী এ তথ্য জানান। নগরীর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। পাবনায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পৌর প্রশাসক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. খাইরুল কবির, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী প্রমুখ। কুড়িগ্রামে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ। জেলায় এবার ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে সয়াবিটি সোসাইটি উচ্চবিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মিজ তানজিলা খানম।