শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করা এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ রোববার শুরু হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : রাজশাহীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের আওতাধীন ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পরিবহণ বিভাগের মহাপরিচালক রাজীব উল আহসান, প্রধান ভান্ডার কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন। নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। লক্ষ্মীপুরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম। শেরপুর জেলা সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। জয়পুরহাটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। জেলায় এবার মোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল জেলায় মোট ৫ লাখ ৭২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী এ তথ্য জানান। গাজীপুরের জয়দেবপুরে সয়াবিটি সোসাইটি উচ্চবিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মিজ তানজিলা খানম।








