আগামী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। ক্যাম্পেইন সফল করতে মসজিদের ইমাম, শিক্ষক ও সাংবাদিকদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর জোর দেওয়া হয়। রোববার প্রথম রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : পিরোজপুরের মঠবাড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, পৌর প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার এবং ইপিআই সুপারভাইজার শিরিন আক্তার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজামুল কবির মিরাজ, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন প্রমুখ। ফেনীতে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এএসএম সোহরাব আল হোসাইন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন ইমু, ডা. একেএম ফাহাদ, ডা. মো. আমির খসরু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. আল মামুন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। রাঙামাটিতে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা তথ্য তুলে ধরেন। এ সময় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সোহাগময় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পিরোজপুরে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন কান্তি ঘোষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। ক্যাম্পেইনের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহাম্মদ আনোয়ারুল আজম।








