ভোলার তজুমদ্দিন উপজেলায় মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠেছে। অভিযোগের পর মাদ্রাসার সুপারিন্টেন্ডেটের আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন প্রকল্পের কাজ বুধবার বিকালে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ভিত্তিপ্রস্তরের (বেইজ) ঢালাইয়ে নির্ধারিত সংখ্যার চেয়ে কম রড ব্যবহার, সিমেন্ট কম দেওয়া, নিম্নমানের ও মাটি মিশ্রিত বালু ব্যবহার, প্রকল্পের সিটিজেন চার্টার বা সাইনবোর্ড না টানানো এবং ওয়ার্ক অর্ডার, নকশা ও এস্টিমেট মাদ্রাসা কর্তৃপক্ষকে না দিয়েই কাজ শুরু করা হয়েছে। মাদ্রাসার আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, নির্মাণসামগ্রী নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল। স্থানীয়দের দাবি, কাজের স্থানে নিম্নমানের বালু আনা হয়েছে এবং প্রকল্পের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ডও টানানো হয়নি। ঠিকাদারের পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে। সরকারি অর্থে নির্মিত ভবনের কাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং নির্মাণসামগ্রীর মান যাচাই-বাছাই করে পরে পুনরায় কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। বনি আমিন বলেন, প্রতিষ্ঠান প্রধান আমাকে ফোন করে অভিযোগ করেন যে, তাকে এস্টিমেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়নি। আমি বলেছি, এস্টিমেট ও নকশা বুঝিয়ে দিয়ে তিনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে।








