বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। গত নির্বাচনে আমি অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। এতে আমার কোনো দুঃখ নেই। আমাদের লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। নির্বাচনি জনসভায় আমি কখনো আমাকে ভোট দিতে বলিনি; বলেছি, আপনার যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু অবশ্যই ভোটকেন্দ্রে যান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ার একটি কনভেনশন সেন্টারে জুয়া, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত হোসেন ও তরিকুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের সভাপতি জুয়েল মোল্লা এবং জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।








