ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।

শিশুটিকে উদ্ধারের সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা শিশুটিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে আনার পর উল্লাস করছেন।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ছেলেশিশুটির নাম ক্লিয়েবার মোরান। তাকে লা গুয়াইরা অঙ্গরাজ্যে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ শিশুটির উদ্ধারকে আশার একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গতকাল মঙ্গলবার জানিয়েছে, লা গুয়াইরায় ব্যাপক খাদ্যসংকট দেখা দিয়েছে, মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা অনেকাংশেই বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভেনেজুয়েলায় গত সপ্তাহে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে।

ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আরও বেশ কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বা তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, সেখানে হাজার হাজার মানুষের জন্য খাবার ও আশ্রয়ের প্রয়োজন।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্লিয়েবারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট জর্জে রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসে শিশুটির চিকিৎসা চলছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়াল, নিখোঁজ হাজারো মানুষ

ভূমিকম্পের পর প্রথম তিন দিনকে বিশেষজ্ঞরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন। সেই সময় পেরিয়ে যাওয়ার অনেক পর ক্লিয়েবারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা। সেখানে অনেক জায়গায় স্থানীয় লোকজন নিজেরাই উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গতকাল মঙ্গলবার জানিয়েছে, লা গুয়াইরায় ব্যাপক খাদ্যসংকট দেখা দিয়েছে। সেখানে মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা অনেকাংশেই বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইউএনএইচসিআর আরও বলেছে, সহায়তা এখনো সীমিত, ফলে স্থানীয়দের ভেতর উত্তেজনা বাড়ছে।

ভূমিকম্পের সময় মোটরবাইক থেকে পড়ে আহত হয়েছেন লা গুয়াইরার ১৮ বছর বয়সী ফেরিওয়ালা ড্যানিয়েলা আরমাস। তিনি এএফপিকে বলেন, ‘কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে, কিন্তু কখনো কখনো খাবারের জন্য মানুষ প্রায় একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে... এ যেন মোরগের লড়াই।’

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

ইউএনএইচসিআর বলেছে, আগামী ৬ মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার মানুষের জন্য সুরক্ষা, জরুরি ত্রাণসামগ্রী ও অস্থায়ী আশ্রয় সেবা বাড়াতে প্রাথমিকভাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন।

জর্জে রদ্রিগেজ বলেন, ক্লিয়েবারকে জীবিত উদ্ধার প্রমাণ করে যে ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত মানুষকে খুঁজে পাওয়ার আশা রয়েছে।

‘কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে, কিন্তু কখনো কখনো খাবারের জন্য মানুষ প্রায় একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে... এ যেন মোরগের লড়াই।’

তিনি আরও বলেন, দেশি ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আন্তর্জাতিক ত্রাণসহায়তা পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘের এক মুখপাত্র জানান, গতকাল ৪৭ টন মানবিক ত্রাণসামগ্রী এসে পৌঁছেছে। এর মধ্যে জরুরি চিকিৎসার জন্য স্বাস্থ্যসামগ্রী, নিরাপদ প্রসবের উপকরণ, নবজাতকের পরিচর্যার সরঞ্জাম এবং রোগ প্রতিরোধের সামগ্রী রয়েছে।

আংটি দেখেই মেয়ের মরদেহ চিনলেন বাবা