ভূঞাপুর বাইপাস সড়কে রাতের আঁধারে কার্পেটিং করার সময় সেটি ভিডিওধারণ করায় সাংবাদিক অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দিয়েছেন ঠিকাদার ও বিএনপি নেতা ফরহাদ মণ্ডল। শুক্রবার দুপুরে ওই সাংবাদিকের মোবাইলে গালাগাল ও হুমকি দেন ওই বিএনপি নেতা। এর আগে ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূঞাপুর বাইপাস সড়কের কার্পেটিংয়ের কাজ করছিলেন ঠিকাদার। এ সময় দেশ টিভি এবং ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ সেই দৃশ্য ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে কাজের সাব-ঠিকাদার ও ভূঞাপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফরহাদ মণ্ডল ফোনে হুমকি দেন।

এ সময় তিনি বলেন, ‘ভদ্র ভাষায় বললাম, হাতুর-বাটাল নিয়ে রাস্তায় আসবেন। আপনাকে রাস্তায় আসতে বাধ্য করব। ভাওতামি করবেন, আমি বইসা বইসা আঙ্গুল চুশমু। কালকে দিনের মধ্যে হাজির হতে হবে।’

এ বিষয়ে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, রাতে কাজ করার ভিডিওটি দেখেছি। আর সাব-ঠিকাদার ফরহাদকে চিনি না। হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।