ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় ভুয়া আসামি সেজে জামিন নিতে আসা মনোয়ারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। জানা গেছে, মামলার আসামি নাসরিন শিকদারের বদাল হিসাবে আদালতে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-৪ এর বিচারক তানিয়া সুলতানা লিপির আদালতে নাসরিন সেজে আত্মসমর্পণ করেন তিনি। শুনানির একপর্যায়ে তাকে ভুয়া আসামি হিসাবে শনাক্ত করেন বিচারক। এ সময় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইব্রাহীম খলিল অপু জানিয়েছেন, এজাহারনামীয় মূল আসামি নাসরিনের পরিবর্তে মনোয়ারা আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চান। পরে বিচারকের কাছে প্রক্সির (বদলির) বিষয়টি নিশ্চিত হলে তাকে আটক রাখার নির্দেশ দেন।