বিভিন্ন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ বাজেট ঘোষণা করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও ইউএনও আমেনা খাতুন। বৃহস্পতিবার বাজেট অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপি সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সম্পাদক গোলাম এরশাদুর রহমান, ওসি হাফিজুল ইসলাম হারুন, বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া, সম্পাদক হাজী সোলেয়মান মিয়া, প্রেস ক্লাব সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য দেন। উপজেলা পরিষদ হল রুমে ওই বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সায়ফুল আমীন। মাদারীপুরের কালকিনি পৌরসভার প্রস্তাবিত বাজেট উম্মুক্তভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৪৭৯ টাকা। পৌরসভার সম্মেলনকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক বেপারী ও সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সি। উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী, পৌর বিএনপি নেতা কামাল বেপারী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ। বান্দরবানের লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা এবং স্থিতি ৩ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনা করেন উপ-প্রকৌশলী মদন মহন সরকার। স্বাগত বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।








