বিভিন্ন পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য উন্নয়নমুখী বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগর গড়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার এসব বাজেট ঘোষণা করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় ২৬ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার টাকার বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেটের আকার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় একে একটি যুগান্তকারী বাজেট হিসেবে দেখছেন পৌরবাসী। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন। গত বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১১ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকা। নাটোরের গুরুদাসপুর পৌরসভায় প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ৪৪ কোটি দুই লাখ ৯৫ হাজার। ব্যয় ৪৪ কোটি দুই লাখ ৯৫ হাজার। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা। ইউএনও ফাহমিদা আফরোজ পৌর মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেন। প্রশাসক বলেন, বর্জ্য ফেলার জন্য চার দশমিক ৪৩ একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে। নাটোরের নলডাঙ্গা পৌরসভার জন্য ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। বাজেটে রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে দুই কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭২৩ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১২ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার জন্য ৩৯ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৪৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে তিন কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। বাজেট ঘোষণা করেন ইউএনও ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম।








