ময়মনসিংহের গৌরীপুরে নৃশংসভাবে খুন হওয়া ঠাকুরগাঁওয়ের সন্তান আলিক আহম্মেদ (আলিফ)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। বৃহস্পতিবার পৌর শহরের গোবিন্দনগর এলাকার বিক্ষুব্ধ জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর এলাকার বাসিন্দা আলিক আহম্মেদ আলিফ জীবিকার তাগিদে গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। গত ২৪ জুন থেকে ২৫ জুনের মধ্যে যে কোনো সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ডৌহাখলা ইউনিয়নের অলিফা চরের একটি আবাদি জমিতে ফেলে রেখে যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই আরিফ রানা বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে মূল আসামিদের একজন গ্রেফতার হয়েছে। আদালতে সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে।