চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার শাহীনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা বিদেশি পিস্তল ব্যবহার করে শাহীন বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিএমপি।

এমআরএএইচ/এমকেআর