বিদেশিদের জন্য সম্পত্তি কেনার নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং আবাসন খাতকে আরও উন্মুক্ত করতে নতুন এই আইন কার্যকর করেছে সরকার। একই সঙ্গে সম্পত্তি কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর কিছু শর্ত ও বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
নতুন আইনের আওতায় বিদেশি ব্যক্তি, কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন শহর ও গভর্নরেটে সম্পত্তি কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় শুধু মুসলিম বিদেশি ব্যক্তি এবং সৌদি কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডাররা সম্পত্তির মালিক হতে পারবেন।
সরকার জানিয়েছে, সম্পত্তি কেনাবেচার সব কার্যক্রম ‘সৌদি প্রপার্টি’ নামের একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে। ক্রেতা ও বিক্রেতা—উভয়কেই এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে।
নতুন আইন অনুযায়ী, বিদেশিদের সম্পত্তি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ ফি দিতে হবে। এর মধ্যে রয়েছে ৫ শতাংশ রিয়েল এস্টেট ডিসপোজিশন ট্যাক্স এবং অতিরিক্ত সর্বোচ্চ ৫ শতাংশ ফি। এছাড়া রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় সম্পত্তি-সংক্রান্ত লেনদেনে ২ শতাংশ ট্রানজ্যাকশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া, আদালতের চূড়ান্ত রায়, জনস্বার্থে অধিগ্রহণ এবং কিছু বিশেষ ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।
বিদেশিদের সম্পত্তি কিনতে হলে সম্পত্তিটি অবশ্যই সরকারি রিয়েল এস্টেট রেজিস্ট্রিতে নিবন্ধিত হতে হবে। পাশাপাশি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র, নিজ নামে সৌদি ব্যাংক হিসাব এবং সেই পরিচয়ের সঙ্গে যুক্ত সৌদি মোবাইল নম্বর থাকতে হবে।
পরিবারভিত্তিক সম্পত্তি মালিকানার ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। একই বিদেশি পরিবারের একাধিক সদস্য আলাদা করে আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না। তবে বিবাহবিচ্ছেদ হলে বা সন্তান ২৫ বছর বয়স পূর্ণ করলে তিনি পৃথকভাবে সম্পত্তি কিনতে পারবেন।
আইন ভঙ্গ করলে সতর্কবার্তা থেকে শুরু করে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ এক কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সম্পত্তি কিনলে সংশ্লিষ্ট সম্পত্তি নিলামে বিক্রিরও বিধান রাখা হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, নতুন এই আইন বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি নির্মাণ, রিয়েল এস্টেট, সম্পত্তি ব্যবস্থাপনা, মূল্যায়ন, ব্রোকারেজ ও পরামর্শসেবা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম








