গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, বেন-গাভিরের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে বিক্ষোভের প্রস্তুতি, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবি এবং আইনি চাপের কারণে এই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে বেলজিয়ামভিত্তিক মানবাধিকার সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়, কারাগার পরিচালনায় কঠোর নীতির কারণে বেন-গাভিরকে আটক করে বিচারের আওতায় আনা হোক। তবে সফর বাতিলের সিদ্ধান্ত ওই আইনি চাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা বেন-গাভিরের কার্যালয় নিশ্চিত করেনি।

আগামী মঙ্গলবার ও বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বেন-গাভিরের।

এ ছাড়া হিন্দ রাজাব ফাউন্ডেশন এবং নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে একটি অভিযোগ দাখিল করেছে। একই সঙ্গে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কাছে বেন-গাভিরের বিরুদ্ধে তদন্ত শুরুর আবেদনও জানিয়েছে।

সংগঠনগুলোর অভিযোগ, ইসরায়েল কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হিসেবে বেন-গাভির তাঁর ক্ষমতা ব্যবহার করে ‘পদ্ধতিগত নির্যাতন, হত্যা, নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি’ বাস্তবায়ন করেছেন। তাদের দাবি, নিউইয়র্কের কয়েকজন বাসিন্দাও বেন-গাভিরের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগে মোট ১১টি ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত দুই বছরে গাজামুখী ত্রাণবাহী নৌবহরে থাকা নিউইয়র্কের ১০ জন বাসিন্দাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক করে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ছাড়া একজন ফিলিস্তিনি-মার্কিন নাগরিককে ইসরায়েলি কারাগারে অনাহার ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হিন্দ রাজাব ফাউন্ডেশন জানায়, বেন-গাভির তাঁর নিউইয়র্ক সফর বাতিল করেছেন—এমন খবরকে তারা স্বাগত জানায়। সংগঠনটি বলেছে, ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতারা এত দিন বিশ্বের বিভিন্ন দেশে দায়মুক্তির প্রত্যাশা নিয়ে ভ্রমণ করেছেন। সেই প্রত্যাশা এখন ধীরে ধীরে ভেঙে পড়ছে।

এটি এক মাসের মধ্যে বেন-গাভিরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘটনা। হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গত মাসেও ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তিনি একটি ব্যক্তিগত সফর বাতিল করেছিলেন। তবে পত্রিকাটি জানিয়েছে, জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকায় এবার তাঁর যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসাজনিত কোনো বাধা হওয়ার কথা ছিল না।’

২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।