অন্য মাসের তুলনায় চলতি মাসে (জুন) গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অতিরিক্ত বিলসংক্রান্ত যে কোনো অভিযোগ নিয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্য মাসের তুলনায় জুন-২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিল পরিলক্ষিত হচ্ছে। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও কোম্পানিকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অবস্থায় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনগুলোতে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।








