জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে একটি দল হেলিকপ্টারে দিল্লি পালাতে বাধ্য হয়েছে। বিএনপি এখন সেই একদলীয় শাসনের পথে হাঁটছে। সংসদ ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে আমাদের কার্যক্রম সংকুচিত করার অপচেষ্টা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সখিপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু চার মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে সরকারের নাজুক অবস্থার তীব্র সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগ ও প্রকৃত দোষীদের বিচারের দাবি করে নাহিদ ইসলাম নিরাপদ ব্যক্তি ও ব্যবসায়ীদের মামলা দিয়ে বাণিজ্য, লুটপাট এবং হামলা না করার আহ্বান। একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেশের সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।

সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, দলের জেলা আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।