বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাকশীর রূপপুর বিবিসি বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাকশী ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন আলম। তিনি বলেন, বুধবার পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকায় খালেক খাঁ ও লিটন নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর তীব্র প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। আলমগীর হোসেন আলম আরও অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া খালেক খাঁ এনাম চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ভূমি দখল, মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কৃষকের জমি দখল করে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন আলম।







