বরিশালে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত এক নেতাকে অবৈধভাবে পদচ্যুত করা, স্বজনপ্রীতি এবং বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।  

শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০২৫ সালের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে পদচ্যুত করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ না করে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হাসনাত আবদুল্লাহ / চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি

 

তার অভিযোগ, বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া তার আপন শ্যালক সোহাগ হাওলাদারকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে বসিয়েছেন, অথচ তিনি শ্রমিক নন।

আবুল কালাম আরও দাবি করেন, পদ হারানোর পর চালকের চাকরিও হারাতে হয়েছে তাকে। বর্তমানে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে। এ ঘটনায় তিনি শ্রম অধিদপ্তরে অভিযোগ করেছেন এবং আদালতে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহন থেকে কমিশনের নামে ১৮০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হলেও সেই অর্থ মালিক-শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হচ্ছে না। অনিয়মের প্রতিবাদ করলে হয়রানি করা হয় এবং সংশ্লিষ্ট পরিবহনের চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার জিয়া।

তিনি বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। একটি চক্র মিথ্যা প্রচারণা চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এসআর