তাহিরপুরে খনিজ বালু লুটে বাধা দেওয়ায় হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়ছে। বুধবার উপজেলার শান্তিপুর সীমান্ত নদীর তীরে ফসলি জমি থেকে ট্রলার বোঝাই করে খনিজ বালু লুটে নেওয়ার সময় জমির মালিককে জখম, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলাটি করা হয়। আসামিরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মুজিবুর রহমান, তার ভাই কফি মিয়া, নজির হোসেন, একই গ্রামের হেকিম মিয়ার ছেলে মুক্তার হোসেন, তার ভাই কদু মিয়া। আসামিদের মধ্যে মুজিবুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বুধবার রাতে উপজেলার উত্তর পুরানঘাট গ্রামের আব্দুর রহিমের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান পালটা অভিযোগ করেন, বাদীর ভাই নজরুল আমার ফসলি জমি থেকে খনিজ বালু লুট করে নিতে চাইলে আমার ছোট ভাই কফির সঙ্গে হাতাহাতি হয়, আমি তাদের উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করি, আমাকে হয়রানি করতেই আসামি করা হয়েছে।








