‌‘বিএনপি পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি ও সংবিধান সংস্কারে অনীহার অভিযোগ তুলে রাজশাহী মহানগর শিবির আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাড়ে ৫টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে এস এম ফরহাদ বলেন, জুলাই গণঅভ্যুতানের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনগণের ভোট ও আকাঙ্ক্ষার প্রতিফলন এখনো বাস্তবায়িত হয়নি। তার দাবি, জনগণ যে সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

একে একে বিয়ে করছেন শিবির নেতারা, রাজনীতিতে নানা আলোচনা

 

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বিএনপি নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে, বিএনপি ঠিকই পানি খায়, কিন্তু একটু ঘোলা করে খায়।’

অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ টেনে এস এম ফরহাদ বলেন, ‘১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে আন্দোলনের মুখে বিএনপি তা মেনে নিতে বাধ্য হয়েছিল।’

রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, তারা আগেই রাষ্ট্রপতিকে দায়িত্বে না রাখার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের সেই আশঙ্কাই সত্য হয়েছে।

ডাকসুর এই নেতা বলেন, আমরা সংশোধনের নাটকে যেতে চাই না, সংস্কারে যেতে চাই। তার ভাষ্য, একটি সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পুনর্গঠন করা হলে আদালতের মাধ্যমে তা সহজে বাতিল হওয়ার সুযোগ থাকবে না।

আরও পড়ুন

এস এম ফরহাদ / দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণঅভ্যুতানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মনির হোসেন মাহিন/এসআর