২০২৩ সালের চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার সেরাদের সেরা বিজয়ী সাবরিনা নওশীন টুশি নতুন একটি রোমান্টিক গান নিয়ে হাজির হচ্ছেন। ‘জান পাখিরে প্রাণ পাখিরে, গান পাখিরে তুই আমার’ শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ পাবে একটি ইউটিউব চ্যানেলে।গানটির কথা লিখেছেন শফিক তুহিন ও প্লাবন কুরাইশী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন, আর টুশির সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন তিনি। এরই মধ্যে গানটির অডিওর কাজ শেষ হয়েছে। বর্তমানে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে। ভিডিওর কাজ শেষ হলেই গানটি প্রকাশ করা হবে।নতুন গান প্রসঙ্গে টুশি বলেন, “গানের কথা আমার খুব ভালো লেগেছে। শব্দগুলোই বলে দিচ্ছে এটি একটি রোমান্টিক গান। এর আগেও শফিক তুহিন ভাইয়ের সুরে গান করেছি। নতুন গানটির সুরও ভীষণ মিষ্টি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”তবে নতুন গানের এই আনন্দের মাঝেও ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন টুশি। গত ২১ এপ্রিল তার বাবা আব্দুর রব তফাদার মারা যান। বাবার মৃত্যুর পর থেকে গভীর শোকে ভেঙে পড়েন এই শিল্পী। তিনি জানান, প্রতিটি মুহূর্তে বাবাকে ভীষণভাবে অনুভব করেন এবং এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে বাবা আর নেই।টুশি বলেন, “আব্বু মারা যাওয়ার পর এতটাই ভেঙে পড়েছিলাম যে কোনো কিছুই ভালো লাগছিল না। অনেক স্টেজ শোর প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে আগামী কিছুদিনের মধ্যে আবারও স্টেজে ফেরার ইচ্ছে আছে।”তিনি আরও জানান, বাবার জন্য সবসময় দোয়া করেন এবং আল্লাহর কাছে তার জান্নাত কামনা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ নির্বাচিত হন সাবরিনা নওশীন টুশি। সেই গ্র্যান্ড ফিনালেতে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার নামই বিজয়ী হিসেবে প্রথম ঘোষণা করেছিলেন। এরপর থেকেই মৌলিক গান, প্লেব্যাক ও স্টেজ শোয়ের মাধ্যমে নিজের সংগীতজীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই তরুণ শিল্পী।








