চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে ডাকাতদল। শনিবার (২৫ জুলাই) ভোরে পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে এক কক্ষে আটকে রেখে পুরো বাসায় লুটপাট চালায়। ডাকাতদল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আলী আব্বাস।

প্রবাসী আলী আব্বাস জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে যায় এবং কয়েকজন তাকে পাহারায় রেখে অন্যরা বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় ডাকাতেরা তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে আলমিরা ভেঙে নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে ডাকাতরা তার ছেলের কক্ষে ঢুকে তাকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মারধর করে এবং তার কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন ছিনতাই-ডাকাতির অভয়াশ্রম

নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩

তিনি বলেন, ডাকাতি শেষে শনিবার ভোরের দিকে ডাকাতদল একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এসময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় যুবদল নেতা গাজী মনির বলেন, অনেকদিন পর আমাদের এলাকায় ডাকাতি হয়েছে। ডাকাতির হওয়া ঘরটি দুবাই প্রবাসী আলী আব্বাসের। ঘরটি হাইওয়ে সড়ক লাগোয়া। শুক্রবার দিনগত রাতে একটি মাইক্রোবাসে ১০-১২ জন ডাকাত আসে। প্রবাসী আলী আব্বাসের ভাষ্য অনুযায়ী, ডাকাতদল তালা খুলে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাসার সবাইকে একটি কক্ষে আটকে পুরো ঘর তছনছ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে যায়।

গাজী মনির বলেন, ‌পাশের বাড়ি থেকে মসজিদের মুয়াজ্জিন মন্টু ফজরের আজান দিতে বের হয়ে ডাকাতদলের সামনে পড়ে। এ সময় ডাকাতরা তাকে আটকে রাখে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় কয়েকটি মসজিদে ফজরের আজান হচ্ছিল।

আরও পড়ুন

বাসা দেখার নাম করে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জাগো নিউজকে বলেন, এয়াকুবদণ্ডী গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

ডাকাতদলের গুলি ছোড়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‌‌ডাকাতেরা গুলি ছুড়েছে কি না জানা যায়নি। তবে ভুক্তভোগী বাড়ি মালিক বলেছেন, ডাকাতদল ফাঁকা গুলি ছুড়েছে। তবে আমরা কোনো আলামত পাইনি।

এমডিআইএইচ/এমএমকে