দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়ানো অভিনেত্রী শিউলি আক্তার (শিউলি শিলা) এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো প্রযোজক হিসেবে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’।নাটকটি রচনা করেছেন লুৎফর রহমান। পরিচালনায় রয়েছেন লুৎফর রহমান ও জয় সরকার। গত ১১ ও ১২ জুলাই রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।প্রযোজনায় আসার পেছনে স্বামী জুয়েলের অনুপ্রেরণার কথা উল্লেখ করে শিউলি শিলা বলেন, অভিনয়ই ছিল তার দীর্ঘদিনের পরিচয়। কখনো নিজে নাটক প্রযোজনা করবেন, এমনটা ভাবেননি। তবে স্বামীর সাহস ও সমর্থনেই নতুন এই যাত্রা শুরু করেছেন।তিনি জানান, টানা বৃষ্টির কারণে শুটিং পরিকল্পনামাফিক সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে প্রযোজক হিসেবে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নাটকটির কাজ শেষ করতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিল্পী ও নির্মাতাদের ধন্যবাদ জানান।‘ভালোবাসার সময় অসময়’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রীণা খান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), রেশমা আহমেদ, এস এম আশরাফুল আলম সোহাগ, সিয়াম নাসিরসহ আরও অনেকে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রেশমা আহমেদ বলেন, শিউলি শিলার সঙ্গে এর আগেও একাধিক নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘রক্তের বন্ধন’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে তাদের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে ওঠে। নতুন এই প্রযোজনায় সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি। তার আশা, প্রচারের পর নাটকটি দর্শকদের ভালো লাগবে।








