জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের পরিবর্তন শুধু সরকার বা রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। মানুষের চিন্তা-চেতনা ও সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামী দিনের লড়াই কোনো রাজনৈতিক দলের মধ্যে হবে না। লড়াইটা হবে ন্যায়-অন্যায়, দুর্নীতি ও সুশাসনের মধ্যে। জনগণের পক্ষে যে দল থাকবে, মানুষকে সেই দলকেই সমর্থন করা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় যেমন মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, বর্তমানেও কেউ একই পথে হাঁটলে তাদের পরিণতিও ভালো হবে না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে তরুণ প্রজন্ম আবারও রাজপথে নামবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণ সবসময় থাকবে।

তিনি আরও বলেন, প্রচারিত সব তথ্য অন্ধভাবে বিশ্বাস না করে যাচাই-বাছাই করা উচিত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সত্য তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সীমান্ত হত্যা বন্ধ ও জাতীয় স্বার্থ রক্ষায় সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিও জানান তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি উত্তরাঞ্চলের সংগঠক মিয়াজ মেহেরাব তালুকদার, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান, ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এসে পথসভায় মিলিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনসিপির নেতারা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে হালুয়াঘাটের উদ্দেশে রওনা হন।

হোসাইন সুলভ/কেএইচকে