মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা-ধামশ্বর সংযোগ সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকালে পয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী প্রায় ১০০ মিটার মাটির সড়ক সংস্কারের কাজ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, তেরশ্রী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম লাবলু, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালা-ধামশ্বর সংযোগ সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগমাধ্যম। এ সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়ন ও আশপাশের গ্রামের মানুষ নিয়মিত ঘিওর বাজার, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের দাবি—সড়কটির উন্নয়নকাজের জন্য টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করেনি। ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে বালু ও মাটি ফেলে সাময়িকভাবে সড়কটি চলাচল উপযোগী করার কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে সড়কটি দিয়ে নিরাপদে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই তাঁরা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম বলেন, ‘বাঙ্গালা গ্রামের মানুষ নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন। সড়কটিতে আরও বেশ কিছু কাজ প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে, যাতে অন্তত সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করা যায়।’








