রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত সুধাসদন বাড়ি থেকে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে পরিত্যক্ত সুধাসদন বাড়িটির দ্বিতীয় তলায় দরজার ওপরে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো জখমের চিহ্ন নেই।
এসআই অহিদুর আরও জানান, ফিঙ্গার প্রিন্টের সাহায্য ওই যুবকের নাম–পরিচয় শনাক্ত করা হয়। তিনি হাজারীবাগ রায়েরবাজার এলাকায় থাকতেন। তাঁর ২২ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি ভবঘুরে জীবন–যাপন করতেন, ঠিকমতো কোনো কাজ করতেন না বলে জানা গেছে। ৪ মাসের বাসা ভাড়া দিতে না পারায় তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে যে কোনো সময় সুধাসদন বাড়িটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ঘটনা বিস্তারিত তদন্ত করে দেখছেন তারা।








