দীর্ঘদিন পর নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই শিল্পীর নতুন গানের শিরোনাম ‘এখন আমার মন ভালো নেই’।গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন এই প্রজন্মের তরুণ সুরকার সম্রাট আহমেদ। ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও অন্যান্য কাজ শেষ হয়েছে। শিগগিরই এটি ইউটিউবে প্রকাশ করা হবে।নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, “‘এখন আমার মন ভালো নেই’ গানের সুর আমার খুব ভালো লেগেছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। সব কাজ শেষ হয়েছে, খুব শিগগিরই ইউটিউবে প্রকাশ পাবে। আশা করছি, আমার কণ্ঠের নতুন এই মৌলিক গানটি শ্রোতাদের ভালো লাগবে।”সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, “টুটুল ভাই বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন গুণী শিল্পী। এর আগে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, খুরশীদ আলমসহ দেশের অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার টুটুল ভাই আমার সুরে গান গেয়েছেন। এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। গানটি নিয়ে আমিও ভীষণ আশাবাদী।”উল্লেখ্য, চিত্রনায়ক কায়েস আরজু অভিনীত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রে এস আই টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হবো আকাশে’ গানটি এখনও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
এ ছাড়া টুটুলের কণ্ঠে ‘যায় কী ছেড়া বুকের পাঁজর’, ‘যায় দিন যায় একাকী’, ‘হৃদয়ের লেনা-দেনা’, ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে’, ‘ধ্রুবতারা’, ‘ও কারিগর দয়ার সাগর’, ‘নিঃশ্বাস আমার তুমি জানে এ দুনিয়া’ এবং ‘হৃদয়ে লিখেছি তোমারই নাম’-এর মতো বহু জনপ্রিয় গান রয়েছে।








