দুই বছর আগে মুক্তি পাওয়া প্রশংসিত বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর গল্প এবার নতুন অধ্যায়ে পৌঁছেছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ শুক্রবার (১০ জুলাই) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম পর্বের মতো এবারও ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।নতুন ছবিতে দাম্পত্যের টানাপোড়েন, সম্পর্কের সংকট, অতীতের ক্ষত এবং মানুষের জটিল মনস্তত্ত্বকে ঘিরে এগিয়েছে গল্প। ট্রেলারে দেখা যায়, বিয়ের পরও মেঘনা ও সুমনের সংসারে সুখ আসে না। অতীতের স্মৃতি, অবিশ্বাস ও মানসিক দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভাঙনের মুখে ঠেলে দেয়। এক পর্যায়ে নিজের ভেঙে পড়া সংসার বাঁচাতে সুমনের সাবেক স্ত্রী শুভ্রার সাহায্য চান মেঘনা। ফলে প্রথম ছবির দ্বন্দ্ব এবার ভিন্ন এক আবেগময় সমীকরণে রূপ নেয়।নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, “কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে ওঠা হয়তো সম্ভব হতো না।”এবারের ছবিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। তার চরিত্রকে ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তিনি গল্পে কী ভূমিকা রাখবেন, তার উত্তর মিলবে সিনেমা দেখার পরই।নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, ‘আজও অর্ধাঙ্গিনী’-এর কাহিনি শুরু হয়েছে প্রথম ছবির কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে। একটি বিয়ে এবং তাকে ঘিরে পুরোনো-নতুন সম্পর্কের জটিল সমীকরণ, পাশাপাশি মেঘনার মেয়ে টিকলিকে কেন্দ্র করে নতুন আবেগঘন সংকটই এবার গল্পের মূল আকর্ষণ।সিক্যুয়েলে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, “অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। এর সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। প্রথম ছবির প্রতি দর্শকদের যে ভালোবাসা ছিল, সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি আমরা।”
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সেই ছবিতে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় বিশেষভাবে সমাদৃত হয়। গত বছরের জুনে শুরু হওয়া ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষে অবশেষে শুক্রবার ছবিটি মুক্তি পেল প্রেক্ষাগৃহে।








