জামালপুরের দেওয়ানগঞ্জে আব্দুল খালেক (এ.কে) মেমোরিয়াল ডিগ্রি কলেজে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।কেন্দ্র সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের পাতা (কাটিং) দেখতে পান। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি তৎক্ষণাৎ ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।বহিষ্কৃতদের মধ্যে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ছয়জন এবং মোফাজ্জল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছয়জন পরীক্ষার্থী রয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘কেন্দ্র পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের কাটিং পাওয়া গেছে। পরীক্ষার নিয়ম ভঙ্গ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’