জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনিদের বিচার করা যায়নি বলেই গর্ত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিবাদের দোসররা। বিএনপিকে দায়িত্ব নিয়ে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকালে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে কাল থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শুরুর ঘোষণা করেন।
সারজিস আলম বলেন, এনসিপি মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসাবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রা করবে। কাল গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। উদ্বোধনী কর্মসূচিতে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে কক্সবাজারের উখিয়া থেকে। উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করব আমি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী ঘোষণা করেছে, সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে একদিকে জুলাইয়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা সরাসরি শুনে তা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসাবে উল্লেখ করে দলটির বিচার হবে বলে যে বক্তব্য দিয়েছেন, আমরা সেটির বাস্তব প্রতিফলনও দেখতে চাই। যারা জুলাইকে কটাক্ষ করছে তাদের পাত্তা দেওয়ার কিছু নেই। জুলাই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। যারা গণহত্যা ও স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে তাদের বিচারের আওতায় আনতে হবে। শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।








