লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরি হয়ে যাওয়া একটি গরু স্থানীয় এক বিএনপি নেতার গোয়াল থেকে উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে পুলিশ গরুটি উদ্ধার করে। এ ঘটনায় দলের ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

ওই বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ইউনিয়ন শাখা বিএনপির পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতি বেগম নামের এক নারীর দুটি গরু চুরি হয়। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন তিনি। একই সঙ্গে তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা চুরি হয়ে যাওয়া গরু দুটির সন্ধান করতে থাকেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে চুরি হওয়া একটি গরু গতকাল দেলোয়ারের গোয়ালঘরে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়লে দেলোয়ারের বাড়ির সামনে লোকজন জড়ো হতে শুরু করেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে।

পুলিশের দাবি, এ ঘটনার বিষয়ে জানতে দেলোয়ার হোসেনকে খোঁজা হচ্ছে। তবে তাঁকে এলাকায় পাওয়া যায়নি। যদিও আজ দুপুরে দেলোয়ারের সঙ্গে মুঠোফোনে প্রথম আলোর কথা হয়। তিনি দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তাঁর গোয়ালে গরুটি রেখে গেছেন। এ বিষয়ে দলের নোটিশ পেয়েছেন এবং জবাব দেবেন বলেও জানান তিনি।

জানতে চাইলে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁকে এ নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল থেকে উদ্ধার হয়েছে। দেলোয়ারকে পুলিশ খুঁজছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।